শাবিপ্রবিতে হয়ে গেলো স্মার্ট কর্মসংস্থান মেলা
অবরোধের মধ্যেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ‘সিলেট স্মার্ট কর্মসংস্থান মেলা- ২০২৩। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলায় ফ্রিল্যান্সিং নিয়ে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন স্মার্ট বাংলাদেশ বিজয়ী ফ্রিল্যান্সার ও আইট টাচ ইন কওমি উদ্যোক্তা মিনহাজ উদ্দীন, নাজমুল হক ও আহমেদ তফা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় বক্তব্যে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে ওঠার পেছনে সংগ্রামী অভিজ্ঞতা শেয়ার ও শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীনের সভাপতিত্বে ও শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. অধ্যাপক মো কবির হোসেন বলেন, ‘স্মার্টের অর্থ হলো আত্মসমালোচনার মাধ্যমে কোনো কাজ যথা সময়ে করতে পারা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া। আজকের শিক্ষার্থীরা হবে স্মার্ট বাংলাদেশের রূপকার। বাংলাদেশ তথা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকায় হবে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের যে অগ্রগতি সেটা আমাদের অব্যাহত রাখতে হবে।’
এ সময় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মাসুম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিলেট অঞ্চলের পরিচালক মো. আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ নিয়ে নির্মিত ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ ও ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ’ নামক দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এদিকে ১ নভেম্বর, বুধবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি স্মার্ট কর্মসংস্থান মেলা। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মার সভাপতিত্বে রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. ফিরোজ আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডার্স ট্রাস্ট বাংলাদেশের প্রকল্প ও যোগাযোগ শাখার বিভাগীয় প্রধান প্রকৌশলী কাজী তারানা।







